বাংলার প্রভাত ডেস্ক | নোয়াখালীপ্রতিবেদক: এম.জি বাবর
সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে যেমন ব্যক্তির মূল্যায়ন হয়, তেমনি নিঃস্বার্থভাবে অর্পিত দায়িত্ব পালন করলে দেশ ও জাতি উপকৃত হয় এবং সমাজ দুর্নীতিমুক্ত হয়। এরই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক মো. কায়েসুর রহমান। জনস্বার্থমূলক কাজ, গতিশীলতা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
যানজট নিরসনে উদ্যোগ ও স্বস্তি
বেগমগঞ্জের বৃহৎ বন্দর ও ঐতিহাসিক বাণিজ্যকেন্দ্র চৌমুহনী বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন দেড় থেকে দুইশত টন মাল বোঝাই ট্রাক ও পিকআপ আসে। দীর্ঘদিন ধরে এখানে তীব্র যানজট লেগে থাকত, যার ফলে সড়কের দুই ধারে অবৈধ দখল ও বাণিজ্য বেড়ে যেত এবং অনেক মুমূর্ষু রোগী হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারাতেন। পাশাপাশি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে দীর্ঘ সময় লাগত। বর্তমান ইউএনও কায়েসুর রহমান যোগদানের পর অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ অভিযান শুরু করলে চৌমুহনী বাজার ধীরে ধীরে যানজটমুক্ত হতে শুরু করে। এছাড়া চৌমুহনী পূর্ব বাজার সিরাজ মিয়ার পোল থেকে গ্লোব ফ্যাক্টরির পাশ ঘেঁষে মাইজদী প্রধান সড়কের সাথে যুক্ত চার কিলোমিটারের হললাইন সড়কটি চালু হওয়ায় যানজট নিরসন আরেক ধাপ এগিয়ে যায়। এতে পথচারী ও যানবাহন চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, সমস্যাটির স্থায়ী সমাধানে তিনি আরও কিছু পদক্ষেপ নেবেন।
শিক্ষা ক্ষেত্রে অবদান ও জেলার শ্রেষ্ঠ ইউএনও
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, নেতৃত্ব, তদারকি ও উদ্ভাবনী উদ্যোগের ভিত্তিতে কায়েসুর রহমানকে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষাকে কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করতে মাঠপর্যায়ে তার সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষকদের উৎসাহিত করার কাজে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কায়েসুর রহমান বলেন “আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই অর্জন শুধু আমার একার নয়, এটি প্রাথমিক শিক্ষা পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামীতেও সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
জেলা পর্যায়ের সাফল্যের পর তিনি এখন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচনের প্রতিযোগিতায় অংশ নেবেন। স্থানীয়দের প্রত্যাশা, সততা ও কর্মনিষ্ঠার ধারা অব্যাহত রেখে তিনি বিভাগীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখবেন।
মানবিক ও সামাজিক কর্মকাণ্ড
প্রশাসনিক কাজের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও পরিচিত কায়েসুর রহমান। থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবার এবং অসহায় ও চিকিৎসাহীন মরণব্যাধি রোগীদের (যেমন কিডনি রোগী) আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস দেওয়ার মাধ্যমে তিনি প্রায়ই আলোচনায় থাকেন। বেগমগঞ্জবাসীর মতে, তার এই স্বীকৃতি কেবল ব্যক্তিগত সম্মান নয়, বরং পুরো বেগমগঞ্জের জন্য গর্বের বিষয়।

✍️ মন্তব্য লিখুন