নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
রোববার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন সাদিক কায়েম।
সাদিক কায়েমের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে। পাশাপাশি বাড়ির দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসী এগিয়ে এসে তা নিভিয়ে ফেলেন।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। তাঁর অভিযোগ, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিকভাবে আবারও প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না। এ ধরনের হামলা তাঁদের অবস্থান আরও দৃঢ় করবে বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার পর এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য, মামলা কিংবা কাউকে আটকের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
✍️ মন্তব্য লিখুন