নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। একই সঙ্গে যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস ও প্রচার না করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
ফেসবুক পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ফজলুর রহমানের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত ফটোকার্ডের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
পোস্টে আরও বলা হয়, যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করা উচিত নয়। এ ধরনের বিভ্রান্তি এড়াতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ ও এএমআই টিভির পেজ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সত্য তথ্য প্রচার এবং মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ফটোকার্ডে দাবি করা হয়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফজলুর রহমান। তবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বক্তব্যে তিনি এ খবরকে অসত্য বলে প্রত্যাখ্যান করেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা।
✍️ মন্তব্য লিখুন