বিশেষ প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষিত বেকার তৈরির প্রতিষ্ঠানে পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শ্রমবাজারের চাহিদা ও প্রয়োজন বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলা উচিত নয়। যেসব বিষয়ে কর্মসংস্থানের সুযোগ ও বাস্তব প্রয়োজন নেই, সেসব বিভাগ চালুর অনুমোদন না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন কোনো বিভাগ খোলা উচিত নয়, যার বর্তমান শ্রমবাজারে প্রয়োজন নেই। অতীতে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনীতির উদ্দেশ্যে বিভিন্ন বিভাগ চালুর প্রবণতা ছিল। এ ধরনের উদ্যোগ থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘বেকারত্বের কারখানা বানাবেন না। আর এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যে ডিপার্টমেন্টের প্রয়োজন নেই।’
শিক্ষামন্ত্রীর মতে, উচ্চশিক্ষার পরিকল্পনা করতে হবে দেশের অর্থনীতি ও কর্মবাজারের বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে। কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন, তা নির্ধারণ করে সে অনুযায়ী শিক্ষার্থী তৈরি করতে হবে। শুধু নতুন বিভাগ খোলা নয়, বিদ্যমান বিভাগগুলোর শিক্ষার মান, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে।
শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়ানোর তাগিদ
সেমিনারে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য শিল্পপ্রতিষ্ঠানে পাঠানোর আগে শিক্ষকদেরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে গিয়ে গবেষণা করা উচিত। সেই গবেষণার ভিত্তিতে পাঠ্যক্রম ও পাঠদানের বিষয়বস্তু সাজাতে হবে।
শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলে তাদের কী ধরনের সুবিধা হবে, সেটিও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। শুধু শিল্প খাত থেকে সুবিধা নেওয়ার চিন্তা না করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলোরও উপকার নিশ্চিত করতে হবে। গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর ওপরও জোর দেন তিনি।
এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে যৌথ গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এসব কাজে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
২০৩০ সালের মধ্যে বেকারত্ব কমানোর পরিকল্পনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কমানোর বিষয়ে নিজের উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ২০৩০ সালের মধ্যে শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব, সে বিষয়ে পরিকল্পনা জানতে চেয়েছিলেন। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বাজেট দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি।
তবে নয় মাসেও জাতীয় বিশ্ববিদ্যালয় বেকারত্বের তথ্যসংবলিত তালিকা দিতে পারেনি বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বেকারত্ব কমানোর জন্য বাজেট দিতে চাইলেও প্রয়োজনীয় তথ্য ও পরিকল্পনা না পাওয়ায় কার্যকর উদ্যোগ নেওয়া কঠিন হচ্ছে।
শিক্ষকসংকট ও সেশনজট নিয়েও অসন্তোষ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও প্রয়োজনীয় জনবলের ঘাটতির বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরে শিক্ষকসংকট রয়েছে উল্লেখ করে তিনি দ্রুত প্রয়োজনীয় জনবল কাঠামো নির্ধারণের তাগিদ দেন।
এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম এবং সেশনজটের কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হওয়ার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমানোর ওপর গুরুত্ব দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। পুনঃপরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে তাঁর আগের অবস্থানের কথা উল্লেখ করে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত মানতে রাজি নয় বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে তাঁকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলেও জানান তিনি।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়টি সেমিনারে গুরুত্ব পায়।
✍️ মন্তব্য লিখুন