বিশেষ প্রতিনিধি
দেশে ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
আদালতের নির্দেশনা বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্যসচিব, আইনসচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।
রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও জবাব চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর জনস্বার্থে রিট আবেদনটি করেন। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন।
রিটকারী আইনজীবীর বক্তব্য অনুযায়ী, দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় তারা অনেক ক্ষেত্রে অবাধে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এর ফলে শিশুদের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা তাদের স্বাভাবিক মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
স্ক্রিনে বাড়ছে শিশুদের সময়
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। ওই গবেষণায় বলা হয়েছে, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় বিভিন্ন ধরনের স্ক্রিনের সামনে কাটায়।
গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে। তাদের এক-তৃতীয়াংশের বেশি শিশুর চোখের সমস্যা রয়েছে। এ ছাড়া প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হওয়ার তথ্য উঠে এসেছে।
গবেষণায় আরও দেখা যায়, প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুরা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।
বিশেষজ্ঞদের মতে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি বাধাগ্রস্ত হতে পারে শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক মানসিক সুস্থতা।
আদালতের এ নির্দেশের মধ্য দিয়ে শিশুদের অনলাইন নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সীমা এবং ডিজিটাল পরিবেশে তাদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। তবে প্রস্তাবিত নীতিমালায় বয়স যাচাই, অভিভাবকের ভূমিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষের দায়িত্ব কীভাবে নির্ধারিত হবে, তা বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ও পরবর্তী সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
✍️ মন্তব্য লিখুন