ডেস্ক নিউজ
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত চার মাসের কিছু বেশি সময়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা ৮০০–এর কাছাকাছি পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর কারও মৃত্যুই পরীক্ষায় নিশ্চিত হামজনিত নয়; তারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৭০২ শিশু।
একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জন শিশুর মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে এবং ৮৭৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ১৪ হাজার ৭০৮ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি। একই সঙ্গে জ্বর, শরীরে র্যাশ, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
✍️ মন্তব্য লিখুন