নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১১ জুলাই ২০২৬
রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর চাপ কমাতে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্থানীয় পর্যায়ের হাসপাতালগুলোকে আরও কার্যকর ও আধুনিক করে গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে চিকিৎসকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা, চিকিৎসাসেবার চ্যালেঞ্জ এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বড় হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন নিজ এলাকার হাসপাতাল থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই সরকার অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন এবং জনবল বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানসহ স্বাস্থ্যখাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যখাতে সরকারের চলমান পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যাসংখ্যা বৃদ্ধি, আধুনিক প্যাথলজি ল্যাব এবং ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণাও দেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
✍️ মন্তব্য লিখুন