অনলাইন ডেস্ক
জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিএনপি সরকার। সনদে থাকা ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ বিবেচনায় রেখেই এর সব বিষয় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদেও এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন। নির্বাচনী ইশতেহার ও নির্বাচনী পথসভায় বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, নোট অব ডিসেন্টসহ সেসব প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উল্লেখযোগ্যসংখ্যক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এ প্রক্রিয়া এগিয়ে নেবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠক প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বৈঠকে এনসিপির পক্ষ থেকে তাদের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান ও সংস্কার পরিকল্পনা সম্পর্কে প্রতিনিধিদলকে জানিয়েছেন। এ ক্ষেত্রে কোনো শর্তের বিষয় ছিল না; বরং এটি ছিল মতবিনিময়।
জাতীয় ঐক্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্য এখনো বিদ্যমান। বাংলাদেশের জনগণই রাষ্ট্রক্ষমতার মালিক।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও আলোচনা অব্যাহত থাকার প্রেক্ষাপটে সরকারের এই বক্তব্য এসেছে।
সনদ বাস্তবায়নের পদ্ধতি, সাংবিধানিক সংস্কার এবং বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত—এসব প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সরকারের বক্তব্য অনুযায়ী, বিএনপি নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ও নোট অব ডিসেন্টের ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে চায়।
তবে সনদের কোন কোন প্রস্তাব কীভাবে এবং কোন সময়সীমার মধ্যে বাস্তবায়িত হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ও অগ্রগতির দিকে এখন নজর থাকবে রাজনৈতিক মহলের।
✍️ মন্তব্য লিখুন