ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বসতবাড়ির উঠানে প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছের সন্ধান পেয়েছে মাদকবিরোধী টাস্কফোর্স। এ ঘটনায় বাড়ির মালিক হেলাল মিয়াকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার বাদশা বিল পূর্বকান্দা এলাকায় অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হেলাল মিয়ার বাড়ির উঠানে প্রায় ছয় মাস ধরে গাঁজা গাছটি চাষ করা হচ্ছিল। গাছটির উচ্চতা প্রায় ১০ ফুট। অভিযানকালে গাছটি উদ্ধার করে হেলাল মিয়াকে আটক করা হয়।
ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের চাষ, সংরক্ষণ ও বেচাকেনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, আটক হেলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাড়ির উঠানে দীর্ঘদিন ধরে এমন গাছ চাষের ঘটনা এলাকায় মাদকবিরোধী অভিযান ও নজরদারির বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে।
✍️ মন্তব্য লিখুন