পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রটির তিন সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে চক্রের মূল অভিযুক্ত পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারণার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তিনজনকে আটক করেন। পরে তাঁদের কাউখালী থানায় সোপর্দ করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, চক্রটির মূল অভিযুক্ত শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দিতেন। তাঁর মাধ্যমে মাত্র সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় সরকারি ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে উপজেলার আসপরদী গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে মানুষের আস্থা অর্জন করে চক্রটি। পরে সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। একপর্যায়ে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে চক্রের সদস্যরা আত্মগোপনে চলে যান বলে অভিযোগ উঠেছে।
ঘটনা জানাজানি হওয়ার পর প্রতারণার শিকার শতাধিক নারী-পুরুষ অভিযোগ জানাতে কাউখালী থানায় উপস্থিত হন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন নিত্যপণ্য কেনার জন্য এবং ১২ জন সরকারি ঘর ও টিউবওয়েল পাওয়ার আশায় টাকা দিয়েছেন। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা ও আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির জানান, স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় চক্রের তিন সহযোগীকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। তবে মূল অভিযুক্ত পালিয়ে গেছেন। তাঁকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সরকারি সুবিধা দেওয়ার নামে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রিপন নামে এক ব্যক্তির মাধ্যমেও সাত লাখ টাকার বেশি নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, ভুক্তভোগীদের থানায় উপস্থিতির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার কাউখালী থানায় যান। তিনি অভিযোগকারীদের কথা শোনেন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সরকারি সহায়তা পাওয়ার আশায় অর্থ দেওয়া সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি কোনো সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে ব্যক্তিগতভাবে অর্থ দাবি করা হলে তা যাচাই না করে টাকা না দেওয়ার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
✍️ মন্তব্য লিখুন