অনলাইন ডেস্ক
কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পগোষ্ঠী এসকে গ্রুপ। প্রতিষ্ঠানটি মাতারবাড়ীকে দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি আধুনিক জ্বালানি ও শিল্পকেন্দ্রে রূপ দেওয়ার সম্ভাবনা দেখছে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এসকে গ্রুপের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে প্রতিনিধিদল মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে তাদের প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে। তারা জানায়, ভৌগোলিক অবস্থান ও গভীর সমুদ্রবন্দরের সুবিধা কাজে লাগাতে পারলে মাতারবাড়ীকে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করা সম্ভব।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে এসকে গ্রুপের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়নে দ্রুত অগ্রসর হওয়ার জন্য তিনি প্রতিনিধিদলকে আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
প্রতিনিধিদল বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে দেশের জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আগ্রহ পুনর্ব্যক্ত করে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
এসকে গ্রুপের প্রতিনিধিদলে ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনিয়ল সংসহ অন্য কর্মকর্তারা।
জ্বালানি খাতে সম্ভাবনা
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এলএনজি ও এলপিজি আমদানি অবকাঠামো সম্প্রসারণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর ও সংশ্লিষ্ট অবকাঠামো গড়ে উঠলে বড় জাহাজ থেকে জ্বালানি আমদানি, সংরক্ষণ এবং সরবরাহের সুযোগ বাড়তে পারে।
তবে এসকে গ্রুপের প্রস্তাবিত বিনিয়োগ এখনো আগ্রহ ও প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। প্রকল্পের চূড়ান্ত বিনিয়োগ, ব্যয়, বাস্তবায়ন সময়সীমা এবং নির্মাণকাজ শুরুর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, এ ধরনের বিদেশি বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি প্রযুক্তি স্থানান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণেও ভূমিকা রাখতে পারে।
✍️ মন্তব্য লিখুন