নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু থেকে দেশের মানুষকে রক্ষা করতে খাল-নালা ও জলাশয় পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, ময়লা-আবর্জনায় ভরা খালে ডেঙ্গুর লার্ভা জন্মানোর পরিবেশ তৈরি হয়। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত এসব স্থান পরিষ্কার রাখা জরুরি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগরে কুলকুরমাই খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাড়ে ৬ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।
কর্মসূচিতে হুমাম কাদের চৌধুরী নিজেও কোদাল হাতে নিয়ে খালের ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও কচুরিপানা পরিষ্কারে অংশ নেন। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে তিনি খালের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।
হুমাম কাদের চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি রাঙ্গুনিয়ার পরিবেশ রক্ষার জন্যও খালগুলো পরিষ্কার রাখা প্রয়োজন। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে এ অঞ্চলের পর্যটন সম্ভাবনাও কাজে লাগানো সম্ভব হবে।
তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন। তাঁর ভাষ্য, এসব তরুণ কোনো পারিশ্রমিক বা স্বীকৃতির প্রত্যাশা না করে স্বেচ্ছায় মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে শুধু ময়লা অপসারণ নয়, স্থানীয় মানুষের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। আগের বিভিন্ন উদ্যোগে বিনামূল্যে ডাস্টবিন দেওয়া হলেও অনেকে তা ব্যবহার না করে আশপাশে ময়লা ফেলেছেন—এ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আচরণগত পরিবর্তনের জন্য জনসচেতনতা বাড়ানো জরুরি।
বিডি ক্লিনের প্রতিনিধি জহিরুল ইসলাম রবি জানান, সংগঠনটি ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে দেশের ৫৭টি জেলা ও ১৬৫টি উপজেলায় সংগঠনটির কার্যক্রম রয়েছে।
রাঙ্গুনিয়ার পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে হুমাম কাদের বলেন, খাল ও আশপাশের পরিবেশ নোংরা থাকলে পর্যটকদের আকৃষ্ট করা কঠিন। তাই জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পর্যটন বিকাশের জন্যও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
✍️ মন্তব্য লিখুন