আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘একুশে ফেব্রুয়ারি’ উপলক্ষে ইতালির Latina পৌরসভায় আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে একমাত্র বাংলাদেশি হিসেবে নিজের দেশকে উপস্থাপন করেছেন তরুণ লেখক আসিব মিয়া।
সন্ধ্যার অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর কবিতায় উঠে আসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা চর্চার গুরুত্ব।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের সংস্কৃতির প্রতিনিধিত্ব থাকলেও একমাত্র বাংলাদেশি অংশগ্রহণকারী হিসেবে আসিব মিয়ার উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। নিজের লেখা কবিতার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাষা আন্দোলনের চেতনাকে তুলে ধরেন এবং প্রবাসে বাংলা ভাষার গৌরবকে নতুন করে স্মরণ করিয়ে দেন।
উপস্থিত অতিথিরা তাঁর পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করেন এবং করতালির মাধ্যমে অভিনন্দন জানান। আয়োজকরা বলেন, এমন উদ্যোগ প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি আরও সচেতন করে তুলবে।

✍️ মন্তব্য লিখুন