বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ইতালির ভেনিসে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রাকায়েত রাব্বি। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমান্তরালে অনুষ্ঠিত স্বাধীন চলচ্চিত্র উৎসব Son of a Pitch Award 2026 (সন অব আ পিচ অ্যাওয়ার্ড ২০২৬)-এ তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র The Sweetness of Air (দ্য সুইটনেস অব এয়ার—হাওয়াই মিঠাই) ‘সেরা পরিচালক’ Best Director Award (বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড) পুরস্কার জয় করেছে।
১০ সেপ্টেম্বর ২০২৬ ভেনিসের ঐতিহাসিক Hotel Excelsior (হোটেল এক্সেলসিয়র)-এর Campari Lounge (ক্যাম্পারি লাউঞ্জ)-এ জমকালো অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়।
যুদ্ধের প্রেক্ষাপটে এক শিশুর মনস্তত্ত্ব এবং বুলেটের খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কেনার মানবিক ও সংবেদনশীল গল্প ফুটে উঠেছে চলচ্চিত্রটিতে।
পরিচালক রাকায়েত রাব্বি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে এমন মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়া তার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি। স্ক্রিনিং ও পুরস্কার ঘোষণার পর বিশ্বখ্যাত ফিল্ম প্রডিউসার ও ডিস্ট্রিবিউটরদের প্রশংসা তাদের The Sweetness of Air (দ্য সুইটনেস অব এয়ার) প্রজেক্টকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। পুরো টিমের অক্লান্ত পরিশ্রম এবং Emanuela Genovese (এমানুয়েলা জেনোভেস)-এর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
চলচ্চিত্রের অভিনেতা মিজানুর রহমান বলেন, ভেনিসের Campari Lounge (ক্যাম্পারি লাউঞ্জ)-এ বিশ্ব চলচ্চিত্রের বাঘা বাঘা মানুষের সামনে সিনেমার নামের সঙ্গে বাংলাদেশের নাম উচ্চারিত হওয়া গর্বের মুহূর্ত। এ আন্তর্জাতিক স্বীকৃতি পুরো বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জয়।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ভেনিসের মর্যাদাপূর্ণ Ca’ Foscari Short Film Festival (কা’ ফস্কারি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল)-এ অংশ নিয়েও প্রশংসিত হয়েছিলেন নির্মাতা রাকায়েত রাব্বি।
এবারের অর্জনের পর ইতালির চলচ্চিত্র অঙ্গনে তার পরবর্তী আন্তর্জাতিক প্রজেক্টের co-production (কো-প্রোডাকশন) ও চলচ্চিত্র বিতরণ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

✍️ মন্তব্য লিখুন