“ইতালিতে বাঁধনের গায়ে কোক-ডিম! ‘জয় বাংলা’ স্লোগান দিতে চাপ, অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ”
বিনোদন প্রতিবেদক: ইতালির মেস্ট্রেতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
বাঁধনের দাবি, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয় বলে জানান তিনি।
ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান বাঁধন। তার অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে আক্রমণ করেন। একইসঙ্গে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলা হয় এবং সেই দৃশ্য ভিডিও করা হয়। এ সময় তাকে গালাগালিও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভিডিওবার্তায় বাঁধন বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারাবিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
বাঁধন দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কোনো রাজনৈতিক দলের অংশ হওয়া উচিত নয়। একইসঙ্গে বিষয়টি সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও জানান তিনি।
এদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন বাঁধন। সেসব ভিডিওতে কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি।
তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য বা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

✍️ মন্তব্য লিখুন