আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব হামলায় ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে উল্লেখ করে বলেন, এতে সৌদি আরবের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি হয়েছে। হুথিদের বিরুদ্ধে বেসামরিক ও জাতীয় অবকাঠামো ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগও করেন তিনি।
হামলার পর হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের ভাষ্য, হামলার উৎস মোকাবিলা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামলার নিন্দা জানিয়েছে। দেশটির অভিযোগ, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার পাশাপাশি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলেও হুথিরা বাধা সৃষ্টি করছে।
সাম্প্রতিক এই হামলা ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। ২০২২ সালের পর কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর সাম্প্রতিক সময়ে ইয়েমেনে নতুন করে সংঘর্ষ বাড়ার মধ্যেই সৌদি ভূখণ্ডে এই হামলার ঘটনা ঘটল।
✍️ মন্তব্য লিখুন