নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড সিসা গুলিসহ স্বপ্ন আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী স্বপ্ন আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে রায়পুরা থানা-পুলিশ।
আটক স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুস সামাদের স্ত্রী।
এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
তবে উদ্ধার করা সিসা গুলিগুলো কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।
✍️ মন্তব্য লিখুন