পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে নিজ ছেলে-মেয়েকে বিষ মিশ্রিত শরবত খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সিরাজুল শিকদার (৪০) তার ছেলে ইয়াসিন (১৪) ও মেয়ে ছামিয়া (৭)-কে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। পরে তারা অসুস্থ হয়ে পড়লে দ্রুত উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শরবত পান করার কিছুক্ষণ পরই দুই শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ছেলে ইয়াসিন দাবি করেছে, তার বাবা তাকে চিনি আনতে বলেন। পরে সেই চিনি দিয়ে শরবত তৈরি করে তাকে ও তার বোনকে পান করানো হয়। শরবত খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে।
শিশুদের নানা আব্দুল করিম অভিযোগ করেন, তাদের বাবা পরিকল্পিতভাবে বিষ মিশিয়ে শরবত খাইয়ে সন্তানদের হত্যার চেষ্টা করেছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
অন্যদিকে অভিযুক্ত সিরাজুল শিকদার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এক বছর আগে স্ত্রী তাকে ছেড়ে ঢাকায় চলে যাওয়ার পর থেকে সন্তানদের দেখাশোনা তিনিই করছেন। শ্বশুরবাড়ির লোকজন তাকে ফাঁসাতে সন্তানদের বিষপ্রয়োগ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
পিরোজপুর সদর হাসপাতালের সিনিয়র নার্স শিলা রানী জানিয়েছেন, শিশুদের ‘পয়জন কেস’ হিসেবে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের শ্বাসকষ্ট দেখা দেওয়ায় অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার প্রকৃত কারণ এবং শিশুদের শরীরে কী ধরনের বিষক্রিয়া হয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ ও চিকিৎসকদের তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে পরিবার ও স্থানীয়রা।
✍️ মন্তব্য লিখুন