ইউনিটি ক্রিকেট ক্লাব সিলেটকে হারিয়ে শিরোপা জয়, টেনিস বল ক্রিকেটকে বিদায় জানালেন জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব নাজমুল হক
ভেনিস, ইতালি: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ইতালির ভেনিসে শেষ হয়েছে আরডিএক্স (RDX)-এর উদ্যোগে এবং ভেনিস ক্রিকেট ক্লাবের সহযোগিতায় আয়োজিত ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ইউনিটি ক্রিকেট ক্লাব সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আরডিএক্স।
ফাইনাল ম্যাচকে ঘিরে ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠে দুই দলের খেলোয়াড়দের দারুণ প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।
খেলা শেষে অনুষ্ঠিত হয় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস সিটি করপোরেশনের মেয়রের প্রতিনিধি সিমোন মেস্ট্রিনার, ভেনিস ক্রিকেট ক্লাবের সভাপতি আলবার্তো মিজানি, রানার্সআপ দলের স্পন্সর ও বিশিষ্ট রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব শাহাদত হোসেন, নরসিংদী জেলা সমিতি ভেনিসের সভাপতি মোস্তাক আহম্মেদ, বাংলাদেশ সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল বাকি রোনাক, ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত মোবারক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান এবং বাংলা প্রেসক্লাবের সভাপতি মাকসুদ রহমান।
এছাড়াও ভেনিসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রবাসী ক্রীড়ামোদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নূরে আলম ভূইয়া। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আয়োজনের সফল ব্যবস্থাপনা ও সুন্দর সমাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আরডিএক্স সংগঠনের একদল নিষ্ঠাবান ও উদ্যমী সদস্য।
টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন আরডিএক্সের সভাপতি পারভেজ মিয়া, সাধারণ সম্পাদক নাদিম, সহ-সভাপতি জহির হক, সহ-সভাপতি তালহা হক, বিপ্লব, শরীফ চৌধুরী, প্রচার সম্পাদক তানভির এবং ক্রীড়া সম্পাদক টিটুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
টেনিস বল ক্রিকেটকে বিদায় নাজমুল হকের
এদিকে টুর্নামেন্টের সমাপনী আয়োজনটি বিশেষ তাৎপর্য বহন করে ভেনিসের জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব নাজমুল হকের জন্য। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে টেনিস বল ক্রিকেট থেকে বিদায় নেন।
বিদায়লগ্নে দীর্ঘদিনের এই কৃতি ক্রিকেটারকে আরডিএক্স সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়। ভেনিসের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ক্রিকেটের প্রসারে তার অবদানের কথা স্মরণ করে আয়োজক ও অতিথিরা তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রবাসী বাংলাদেশি যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনার এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে প্রবাসী তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সুস্থ বিনোদনের পরিবেশ আরও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণ ও সম্মাননা পর্বের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় ভেনিসের বহুল প্রতীক্ষিত এই ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট।

✍️ মন্তব্য লিখুন