ইতালির ভেনিসে বাংলা রক সংগীতের জীবন্ত কিংবদন্তি ও ‘নগরবাউল’ খ্যাত জনপ্রিয় শিল্পী জেমসের এক জমকালো লাইভ কনসার্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৩ আগস্ট মেস্ত্রে শহরের স্থানীয় একটি মিলনায়তনে এই কনসার্টের আয়োজন করা হয়।প্রিয় ‘গুরু’র গান সরাসরি উপভোগ করতে ভেনিসসহ ইতালির বিভিন্ন দূর-দূরান্তের শহর থেকে প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানস্থলে সশরীরে হাজির হন।
কনসার্টকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে ছিল অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা এবং দর্শকদের উপচে পড়া ভিড়।কনসার্টের মূল আকর্ষণ নগরবাউল জেমস মঞ্চে ওঠার আগেই স্থানীয় প্রবাসী শিল্পীরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।এরপর জেমস মঞ্চে প্রবেশ করতেই হলরুমে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে এক উন্মাদনাময় পরিবেশ।জেমস তাঁর ক্যারিয়ারের একের পর এক জনপ্রিয় ও কালজয়ী গান গেয়ে প্রবাসীদের গান ও সুরের মায়াজালে বুঁদ করে রাখেন।সাফল্যের সাথে অনুষ্ঠানটি সমাপ্ত হওয়ার পর আয়োজক মনোয়ারা ক্লার্ক তাঁর অত্যন্ত আনন্দিত অনুভূতি প্রকাশ করে জানান, “এই কনসার্ট শুধু ভেনিসেই নয়,বরং পুরো ইতালির বুকে প্রবাসী বাঙালিদের জন্য একটি বড় মাইলফলক হয়ে থাকবে।দর্শকদের এত বিপুল এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে সত্যিই মুগ্ধ ও কৃতজ্ঞ করেছে।”তিনি এই কনসার্টকে সফল করে তোলার জন্য ভেনিস বাংলা কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কনসার্টটি এতটাই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে যে,পরদিন সকালে স্থানীয় ইতালিয়ান মূলধারার বিভিন্ন পত্রপত্রিকাতেও এর ভূয়সী প্রশংসা করা হয়েছে।ইতালিয়ান গণমাধ্যমগুলো বাঙালি সংস্কৃতি এবং জেমসের এই জাঁকজমকপূর্ণ অথচ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ কনসার্টের ভূয়সী প্রশংসা করে প্রতিবেদন প্রকাশ করে,যা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।

✍️ মন্তব্য লিখুন