ইয়ানূর রহমান : যশোর-নড়াইল মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারনে যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে গেলেও যাত্রীরা সব অক্ষত রয়েছেন। শুক্রবার বিকেল ৫ টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস নামের বাস ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। পথিমধ্যে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বাসটিতে বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেলে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানিয়েছেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন বাস মালিকদের। তার পরেও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশ্য রওনা দেন। বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে।#

✍️ মন্তব্য লিখুন