সজীব আল হোসাইন:
কিশোরগঞ্জের ভৈরবে মাদক ছিনতাইয়ের সাম্প্রতিক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সরকারি সফরে থাকা মন্ত্রী জোনায়েদ আহমেদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,”মাদক নির্মূলে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে।ভৈরবে মাদক ছিনতাইয়ের সাথে যারা জড়িত,তারা যে দলেরই হোক বা যত শক্তিশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বর্তমানে ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিট ২০২৬ (১৬-১৭ মার্চ) এবং পরবর্তী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিচ্ছেন।এই সম্মেলনটি জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর (UNODC) এবং ইন্টারপোলের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে।গত ১৬ মার্চ তিনি UNODC-এর নির্বাহী পরিচালকের সাথে এক বৈঠকে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
জোনায়েদ আহমেদের সাথে আলাপকালে মন্ত্রী উল্লেখ করেন যে,দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান যে, ভিয়েনা সফর শেষে ২০ মার্চ দেশে ফিরবেন।
উল্লেখ্য,স্বরাষ্ট্রমন্ত্রী গত ১৫ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সে ঢাকা ত্যাগ করেন এবং ২০ মার্চ সকালে তুর্কি এয়ারলাইন্সে দেশে ফেরার কথা রয়েছে।ভিয়েনায় অবস্থানকালে তিনি ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সাথেও পুলিশ সংস্কার ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক করেছেন।

✍️ মন্তব্য লিখুন