নিজস্ব প্রতিবেদক
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২১৮ জন নতুন রোগীর মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেট বিভাগের (সিলেট-১ ও হবিগঞ্জ-১) এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। তবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় হামে আক্রান্ত হয়ে নিশ্চিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৭৬৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তারা অভিভাবকদের শিশুদের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় নির্ধারিত সব টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
✍️ মন্তব্য লিখুন