নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে আগামী ১১ জুলাই (শনিবার)-এর মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম (স্বাভাবিক প্রসবকক্ষ) স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ নির্দেশনা দেন। তিনি বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে মানসম্মত লেবার রুম থাকা অপরিহার্য এবং এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
মন্ত্রী আরও জানান, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা কমাতে প্রতিটি বেসরকারি ক্লিনিকে মিডওয়াইফ নিয়োগও বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে গর্ভবতী নারীরা স্থানীয় পর্যায়ে সঠিক পরামর্শ পাবেন এবং স্বাভাবিক প্রসবে উৎসাহিত হবেন।
তিনি অভিযোগ করেন, কিছু বেসরকারি ক্লিনিক ও দালালচক্র প্রসূতি ও তাঁদের স্বজনদের ভয়ভীতি দেখিয়ে অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে উদ্বুদ্ধ করছে। এ ধরনের অনৈতিক বাণিজ্য বন্ধে সরকার কঠোর অবস্থান নেবে বলেও তিনি জানান। একই সঙ্গে চিকিৎসকদের রোগীর সর্বোচ্চ স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নৈতিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এডিস মশার লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত শয্যা, স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
✍️ মন্তব্য লিখুন