নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বর্তমান সরকারি বাসভবনকে বিশেষ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কী পয়েন্ট ইনস্টলেশন–কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এ সিদ্ধান্তের ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় এসেছে এবং এর চারপাশে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কেপিআই-সংক্রান্ত কমিটির (কেপিআইডিসি) সভায় গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণির কেপিআই হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। পরবর্তীতে সরকারের অনুমোদনের ভিত্তিতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এবং সম্প্রতি গেজেট প্রকাশিত হয়েছে।
বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের এই বাসভবন থেকেই সরকারি কার্যক্রম পরিচালনা করছেন। যদিও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ সরকারি ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে, তবে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন না।
কেপিআই ঘোষণার ফলে বাসভবনের বহিঃনিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পৃথক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী, তাঁর পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি এবং প্রশাসনিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা তদারকিতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
নিরাপত্তা নির্দেশনায় কেপিআই স্থাপনার সীমানাপ্রাচীরের উচ্চতা, কাঁটাতারের বেড়া স্থাপন, আশপাশে নতুন স্থাপনা নির্মাণে বিধিনিষেধ এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি অপসারণের মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং নির্বিঘ্ন প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
✍️ মন্তব্য লিখুন