নিজস্ব প্রতিবেদক
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আসা একটি ফোনকলের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির অভিযোগে হেলাল শেখ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সকালে ফকিরহাট থানার শ্যামবাগাত এলাকার এক বাসিন্দা ৯৯৯-এ ফোন করে জানান, স্থানীয় আজিম শেখের বাড়িতে এক ব্যক্তি একটি সন্দেহভাজন চোরাই মোটরসাইকেল রেখে গেছেন। খবর পাওয়ার পর ৯৯৯-এর কলটেকার বিষয়টি দ্রুত ফকিরহাট থানাকে অবহিত করেন এবং পুলিশ ডিসপাচার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রেখে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে সমন্বয় করেন।
সংবাদ পেয়ে ফকিরহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলটি উদ্ধার করে। একই সঙ্গে চুরির অভিযোগে হেলাল শেখকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া হেলাল শেখ রামপাল উপজেলার গৌরাম্বা এলাকার বাসিন্দা হলেও তিনি বর্তমানে ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ফকিরহাট থানা জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির প্রকৃত মালিক শনাক্তের পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
✍️ মন্তব্য লিখুন