নিজস্ব প্রতিবেদক | পাবনা
দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আগামী আগস্ট মাস থেকেই ঢাকা–পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার পাবনা সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ঢাকা–পাবনা সরাসরি ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ (ইঞ্জিন) ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী জুলাই মাসে নতুন কোচ দেশে পৌঁছানোর পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্টেই ট্রেনটি চালু করা হবে। তিনি জানান, চলতি বছরে নতুন দুটি রুটে ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে; এর মধ্যে প্রথমে ঢাকা–পাবনা এবং পরে ঢাকা–খুলনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।
পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন। পদ্মা সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জেলার যোগাযোগব্যবস্থার গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় এ রুট চালুর দাবি আরও জোরালো হয়ে ওঠে। নতুন ট্রেন সার্ভিস চালু হলে যাত্রীদের যাতায়াত সময় কমবে এবং ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, মালিক ও শ্রমিকদের সমন্বয়ে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে পরিবহন খাত পরিচালনা করা হবে। পাশাপাশি দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ চলছে বলেও জানান তিনি।
সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট মহলের আশা, ঘোষিত সময়সূচি অনুযায়ী ট্রেন চালু হলে পাবনা জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
✍️ মন্তব্য লিখুন