ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে তাঁদের দিয়ে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কার করানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিকস ফিল্ড এলাকায় দুই ব্যক্তি গাঁজা সেবন করছেন—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে যান। পরে তাঁদের আটক করা হয়। এরপর স্থানীয়দের সিদ্ধান্তে তাঁদের বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে লাগানো হয়।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন, গাঁজা সেবনের সময় ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। স্থানীয়দের পরামর্শে তাঁদের দিয়ে পুকুরটি পরিষ্কার করানো হয়।
তিনি আরও বলেন, ওই দুই ব্যক্তি এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন এবং জামিনে বের হয়ে আবার একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ। এলাকায় মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতেই তাঁদের দিয়ে পুকুর পরিষ্কার করানো হয়েছে।
স্থানীয়রা জানান, মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
✍️ মন্তব্য লিখুন