ডেস্ক নিউজ
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়, রেঞ্জ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
অতিরিক্ত আইজিপি পদে ছয় কর্মকর্তার পদায়ন
একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তাসহ ছয় কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকেও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) প্রিন্সিপাল করা হয়েছে। এসবির অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে এবং সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিআইজি পর্যায়ে পাঁচ কর্মকর্তার বদলি
অপর প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মেট্রোরেলের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
✍️ মন্তব্য লিখুন