আন্তর্জাতিক ডেস্ক
পেরিয়ে গেছে পাঁচ দশক। বদলে গেছে জীবন, বয়স ও সময়। তবে পুরোনো বন্ধুত্ব আর শৈশবের স্মৃতি যেন এখনো একই রকম। সেই স্মৃতিকে আবারও ছুঁয়ে দেখতে ৫০ বছর পর নিজেদের পুরোনো স্কুলে ফিরলেন ভারতের ১৯৭৬ ব্যাচের একদল সহপাঠী।
সম্প্রতি তাঁদের এই পুনর্মিলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সহপাঠীরা স্কুলশিক্ষার্থীদের মতো পোশাক পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে এবং গলায় শিশুদের পানির বোতল নিয়ে পুরোনো স্কুলে হাজির হন।
স্কুলের ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই যেন পাঁচ দশক আগের সেই দিনগুলোতে ফিরে যান তাঁরা। হাসি-আনন্দে একে অপরের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শৈশবে খেলা বিভিন্ন খেলাও আবার খেলেন। তাঁদের পুনর্মিলনে ছিল ‘পিট্টু’ খেলা এবং স্কুলের দিনের পরিচিত ‘ট্রেন’ নাচও।
পুনর্মিলনের আয়োজকদের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জানান, শৈশবের সেই ‘সোনালি স্মৃতি’ আবারও ফিরে পাওয়ার ইচ্ছা থেকেই তাঁরা এমন আয়োজনের সিদ্ধান্ত নেন। একই স্কুলে ফিরে তাঁরা সেই সময়ের হাসি, খেলা ও বন্ধুত্বকে নতুন করে উপভোগ করেন।
পাঁচ দশক পর সহপাঠীদের এমন আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও সাড়া ফেলেছে। অনেকে নিজেদের স্কুলজীবনের বন্ধু ও স্মৃতির কথা মনে করে আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটির সত্যতা নিয়ে কিছু ব্যবহারকারী প্রশ্নও তুলেছেন। কেউ কেউ এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন। তাই ভিডিওটির সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হলেও এর প্রতিটি দৃশ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তারপরও ১৯৭৬ ব্যাচের এই পুনর্মিলনের ঘটনা দীর্ঘদিনের বন্ধুত্ব ও শৈশবের স্মৃতির প্রতি মানুষের টানকে নতুন করে সামনে এনেছে।
✍️ মন্তব্য লিখুন