নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেওয়া দুই পক্ষের মধ্যে একপর্যায়ে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য এবং ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে একপর্যায়ে গ্রাহক ফোরামের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।
গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিকের দাবি, হামলায় তাঁদের ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন গুরুতর আহত। তবে এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। পরে গ্রাহক ফোরামের সদস্যরা ইসলামী ব্যাংক টাওয়ারের নিচে অবস্থান নেন। অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ব্যাংককে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দাবি, তাঁদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন।
দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে যাতে নতুন করে সংঘাত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে সতর্ক অবস্থানে ছিল। চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আগামীকালও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে গ্রাহক ফোরামও পাল্টা অবস্থান কর্মসূচির কথা জানিয়েছে।
✍️ মন্তব্য লিখুন