নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪২টি মামলা হয়েছে। অভিযানে বিভিন্ন আলামতের পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ২৬৩ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১৯৬ জন, ওয়ারী বিভাগে ৯২ জন, গুলশান বিভাগে ৪২ জন, লালবাগ ও উত্তরা বিভাগে ৪০ জন করে এবং রমনা বিভাগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে তিনজনকে।
অভিযানে উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে একটি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, একটি স্বর্ণের কানের দুল, ৯টি মুঠোফোন এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
✍️ মন্তব্য লিখুন