নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার পর সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম এবং আরেক আইনজীবী মাহাবুব রহমান। বুধবার (১৪ অক্টোবর) তাঁদের আদালতে হাজির করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোডের একটি বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তাঁর ভাই আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে শহরের দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে মাহাবুব রহমানকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ তিনজনের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিন ধার্য রয়েছে।
আইভীর জামিনের পর স্লোগান
এর আগে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় করা তুহিন হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিষয়ে আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালতের কার্যক্রম শেষে বের হয়ে গাড়িতে ওঠার সময় আইভীকে বলতে শোনা যায়, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।’ এ সময় তাঁর সঙ্গে থাকা সমর্থকেরাও ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
গ্রেপ্তার নিয়ে আপত্তি
জিয়াউল ইসলাম কাজল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি। তিনি আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তাঁদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সংগঠনটির নেতারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে আইভীর আইনজীবী হওয়াকে অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয়। তাঁদের দাবি, কাজল ও তাঁর ভাই জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচিতেও সক্রিয় ছিলেন।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে বিষয়টি আরও স্পষ্ট হবে।
✍️ মন্তব্য লিখুন