সাতক্ষীরা প্রতিনিধি
বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির আতঙ্কে সুন্দরবনে যেতে পারছেন না অনেক বনজীবী। এতে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণের সঙ্গে যুক্ত পরিবারগুলোর আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে। সংসারে দেখা দিয়েছে খাদ্যসংকট। এর সরাসরি প্রভাব পড়েছে উপকূলের শিশু-কিশোরদের শিক্ষাজীবনে। কারও বই-খাতা কেনার সামর্থ্য নেই, কেউ দিতে পারছে না পরীক্ষার ফি। এমন পরিস্থিতিতে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এবার প্রতিবাদে রাজপথে নেমেছে সুন্দরবন উপকূলের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা মাঠ থেকে ‘উপকূলে জাগরণ যাত্রা’ কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করে। হাতে বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তারা বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং নিজেদের শিক্ষার অধিকার রক্ষার দাবি জানায়।
শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে উঠে আসে পরিবারের অসহায়ত্বের চিত্র। কোথাও লেখা ছিল, ‘চাচ্চু, পেটে ক্ষুধা, আব্বা বাদায় যেতে পারছে না।’ আবার কোথাও লেখা, ‘বনে দস্যু থাকলে আয়হীন বাবা আমাদের পড়াবে কীভাবে?’ কর্মসূচির একপর্যায়ে খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায় তারা।
শিক্ষার্থীরা জানায়, সুন্দরবনে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ করে উপকূলের হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির ভয়ে অনেক বনজীবী বনে যেতে পারছেন না। ফলে পরিবারের উপার্জন বন্ধ হয়ে গেছে। সংসারের খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য। এমন অবস্থায় সন্তানদের পড়াশোনার খরচ বহন করা অভিভাবকদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল রানা কর্মসূচিতে বলেন, বাবা-মায়ের বেকারত্ব তাঁদের বই-খাতা কেড়ে নিচ্ছে। বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত কার্যকর অভিযান চালানোর দাবি জানান তিনি।
মাদ্রাসাছাত্রী সাকিলা পারভীন বলেন, দস্যুদের ভয়ে তাঁর বাবা বনে যেতে পারছেন না। ঘরে খাবার নেই, পরীক্ষার ফি ও বই কেনার টাকাও নেই। তাঁরা বাঁচতে চান, পড়াশোনা চালিয়ে যেতে চান।
শিক্ষার্থী হিরা মনি বলেন, বনদস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হলে সেই দায় কে নেবে?
অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচ বহন করাও অসম্ভব হয়ে পড়েছে। সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ত্রাণ ও আর্থিক সহায়তা প্রয়োজন।
অভিভাবক কামরুল ইসলাম বলেন, বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ না হলে উপকূলের পরিবারগুলো আরও বড় সংকটে পড়বে। সন্তানদের শিক্ষাজীবনও অনিশ্চিত হয়ে যাবে।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার শিক্ষার্থী জুনায়েদ হোসেন, আশুরা খাতুন, অয়েস কুরুনী, মুন্নি আক্তার, রাকিব হোসেন, টুটুল ও জিল্লুর রহমানসহ অন্যরা।
খুলনার সরকারি বিএল কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী মো. জিয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান। শিক্ষকদের পক্ষে আব্দুর রহিম ও শহিদুল ইসলাম এবং অভিভাবকদের পক্ষে হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম কর্মসূচিতে সংহতি জানান।
শিক্ষার্থীদের দাবি, সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বন্ধ করে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জীবিকা হারিয়ে সংকটে পড়া পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা দিতে হবে। কোনো শিক্ষার্থী যেন শুধু আর্থিক সংকটের কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য না হয়, সে জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।
সুন্দরবন উপকূলের এই পরিস্থিতি আবারও সামনে এনেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—জীবিকার নিরাপত্তা নিশ্চিত না হলে প্রান্তিক পরিবারের শিশুদের শিক্ষার অধিকার কীভাবে সুরক্ষিত থাকবে?
✍️ মন্তব্য লিখুন