গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলায় আসামির সংখ্যা ৫ হাজার ৮ জন।
গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।
মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে। অন্য নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় দলটি।
পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি সড়কে গাছ ফেলে বিজিবির চলাচলে বাধা সৃষ্টি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে বিজিবি সদস্যদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিজিবির একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি জিপে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলায় বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান আহত হন। আগুনে বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া গোলাবারুদ ও বিভিন্ন সরকারি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত এবং লুট হওয়ার অভিযোগও করা হয়েছে।
মামলার এজাহারে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি ৫১ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
এদিকে, একই ঘটনায় এর আগে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ পৃথক একটি মামলা করে। ওই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, দুটি মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪ জন। তবে বিজিবির করা মামলায় শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
✍️ মন্তব্য লিখুন