কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি কামারের দোকানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র মেরামতের সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় দোকান থেকে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাত সোয়া চারটার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজীর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম সনজিত কর্মকার (৪২)।
পুলিশ জানায়, সনজিত কর্মকার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল কর্মকারপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট এলাকায় বসবাস করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, হাজীর বাজার এলাকার একটি কামারের দোকানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা আগ্নেয়াস্ত্র মেরামত করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানে থাকা এক ব্যক্তি সরে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়।
অভিযানের সময় দোকানে মেরামতের জন্য রাখা একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয় বলে জানান ওসি।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও নেওয়া হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন