কুমিল্লা প্রতিনিধি
দেশের প্রতিটি উপজেলায় আগামী ডিসেম্বরের মধ্যে খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তাঁর মতে, খেলাধুলার সুযোগ বাড়ানোর মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, দক্ষ ও কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুরে আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ এবং মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও খেলাধুলার অবকাঠামো সম্প্রসারণ করা হবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাঁদের বিকাশের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস কার্যকর ভূমিকা রাখতে পারে। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এ জন্য সাধারণ খামারি ও জনগণকে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের আর কখনো সুযোগ দেওয়া যাবে না। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি পরিহার করতে হবে। সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হবে। এ সময় সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আবুল কালাম কলেজের প্রতিষ্ঠাতা ও সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতারা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আবুল কালাম স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও মেধাবৃত্তি বিতরণ করা হয়।
খেলাধুলার অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা
সরকারের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম ও মানসম্মত খেলার মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ২০১টি উপজেলায় নির্মাণকাজ চলছে। এ ছাড়া তৃতীয় পর্যায়ের জন্য ১২১টি উপজেলায় ভূমি অধিগ্রহণের কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়াতে মাঠ নির্মাণের পাশাপাশি বিদ্যমান মাঠগুলো সচল রাখা এবং নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ডিসেম্বরের মধ্যে প্রতিটি উপজেলায় মাঠ নির্মাণের ঘোষণাটি বাস্তবায়নে কী ধরনের অবকাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত সময়সূচি এখনো জানা যায়নি।
✍️ মন্তব্য লিখুন