নিজস্ব প্রতিবেদক
বদলির ফল প্রকাশ ও দ্রুত বদলির আদেশ জারির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনরত নারী শিক্ষকরা রাতেও সেখানে অবস্থান করার ঘোষণা দিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আন্দোলনরত শিক্ষকেরা এ ঘোষণা দেন। তাঁদের দাবি, বদলির ফল প্রকাশ না হওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনেই অবস্থান করবেন। অনশনরত শিক্ষক সেলিনা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, যতক্ষণ পর্যন্ত বদলির ফল প্রকাশ না হবে, ততক্ষণ তাঁরা প্রেস ক্লাবেই অবস্থান করবেন।
এদিকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের প্রেস ক্লাবে যাওয়ার কথা রয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা এ তথ্য জানান। তাঁর ভাষ্য, বদলির ফল প্রকাশের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে কিছু জটিলতার কারণে এখনো ফল প্রকাশ করা সম্ভব হয়নি। বিষয়টি সমাধানের পথ খোঁজা হচ্ছে।
এর আগে অনশনরত শিক্ষকদের চার সদস্যের একটি প্রতিনিধিদলকে আলোচনার জন্য ডেকেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার দুপুরে মাউশির মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই আলোচনায় অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান শিক্ষকদের সঙ্গে কথা বলেন। তবে আলোচনা থেকে কোনো চূড়ান্ত সমাধান আসেনি।
আলোচনায় শিক্ষকদের জানানো হয়, বদলির বিষয়ে কর্তৃপক্ষ আন্তরিক। কিছু প্রশাসনিক জটিলতার কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এ জন্য তাঁদের আরও কিছুদিন অপেক্ষা করার আহ্বান জানানো হয়।
জবাবে শিক্ষক প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে বদলির অপেক্ষায় থাকায় তাঁরা পারিবারিক ও ব্যক্তিগত নানা সংকটে পড়েছেন। অনেকে কর্মস্থল ও পরিবারের সদস্যদের থেকে দূরে থাকছেন। বিশেষ করে সন্তানদের কাছ থেকে দূরে থাকার কারণে তাঁদের দুর্ভোগ বাড়ছে। আবেদন গ্রহণের কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও ফল প্রকাশ না হওয়ায় দ্রুত সিদ্ধান্ত জানানোর দাবি জানান তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শেষ হয় গত ১৩ সেপ্টেম্বর। এতে সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়ে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় প্রক্রিয়াটি আটকে রয়েছে।
দীর্ঘ দুই মাসের বেশি সময় পার হলেও বদলির ফল প্রকাশ না হওয়ায় আবেদনকারী শিক্ষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি, বদলি নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে সেই প্রক্রিয়ার কারণে চলমান বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা উচিত নয়।
বুধবার সকাল ১১টার দিকে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’ ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন তাঁরা। দ্রুত বদলির ফল প্রকাশ ও আদেশ জারির দাবিতে শুরু হওয়া এই কর্মসূচি রাতেও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
✍️ মন্তব্য লিখুন