কুমিল্লা প্রতিনিধি
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতার অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লার বিবিরবাজার সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিবিরবাজার স্থলবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় সীমান্তে বিজিবি, পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, ভারতের আগরতলায় আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাছিম অবস্থান করছেন বলে তাঁরা খবর পেয়েছেন। বৃহস্পতিবার বিবিরবাজার সীমান্ত দিয়ে ওই নেতারা বাংলাদেশ অংশে আসতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা সীমান্ত এলাকায় জড়ো হন।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতারা যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন। এ কর্মসূচির অংশ হিসেবে ডিসেম্বর জুড়েও বিবিরবাজার সীমান্ত এলাকায় অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনার কথা জানান তিনি।
এদিকে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ও নজরদারি বাড়ানো হয়েছে। তবে আওয়ামী লীগের ওই নেতাদের বিবিরবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের কোনো পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মুহাম্মদ সাকি বলেন, ভারতের অংশে আওয়ামী লীগের নেতাদের অবস্থান কিংবা তাঁদের বাংলাদেশে প্রবেশের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তবে বিএনপির নেতাকর্মীরা সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছেন।
উল্লেখ্য, কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তসংলগ্ন একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। সাম্প্রতিক সময়ে সীমান্তের ওপারে আওয়ামী লীগের নেতাদের যাতায়াত ও অবস্থান নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ায় এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
✍️ মন্তব্য লিখুন