ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ও সার্বিক প্রস্তুতি সন্তোষজনক। এ পরিস্থিতিতে উপনির্বাচনে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা হিসেবে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন দেখছে না নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থাও রাখা হচ্ছে।
সভায় নির্বাচন কমিশনার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রার্থীদের অভিযোগ যথাযথভাবে নিষ্পত্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
নির্বাচনী পরিবেশ ও প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনী অনিয়মের অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছে কমিশন।
✍️ মন্তব্য লিখুন