লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের মহড়ায় সরঞ্জামের অপ্রস্তুতির চিত্র দেখা গেছে। আগুন নেভানোর প্রদর্শনীর জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে পর্যাপ্ত চাপ ছিল না। এ ছাড়া উদ্ধারকাজে ব্যবহৃত লোহা কাটার একটি যন্ত্রও চালু করা যায়নি। এতে মহড়ার শুরুতে নির্ধারিত প্রদর্শনী ব্যাহত হয়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগে করণীয় সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মহড়ার আয়োজন করা হয়। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো ও উদ্ধারকাজের বিভিন্ন কৌশল প্রদর্শনের প্রস্তুতি নেন। তবে মহড়া শুরু করতে গিয়ে দেখা যায়, আগুন জ্বালানোর জন্য ব্যবহৃত সিলিন্ডারে পর্যাপ্ত গ্যাসের চাপ নেই। ফলে শুরুতে আগুন জ্বালিয়ে নেভানোর প্রদর্শনী করা সম্ভব হয়নি।
এরপর ধসে পড়া ভবন বা অন্য কোনো স্থানে আটকে পড়া মানুষকে উদ্ধারের কাজে ব্যবহৃত দেয়াল ও ধাতব বস্তু কাটার ‘রোটারি স’ যন্ত্রটি চালুর চেষ্টা করা হয়। কিন্তু যন্ত্রটি বিকল থাকায় সেটিও চালু করা যায়নি।
মহড়ায় উপস্থিত লোকজন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের মতে, অগ্নিকাণ্ড বা দুর্যোগ মোকাবিলায় দায়িত্ব পালনকারী সংস্থার সরঞ্জাম সব সময় সচল ও ব্যবহারের উপযোগী রাখা জরুরি। মহড়ার সময়ই এমন পরিস্থিতি দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অনেক দিন পর মহড়া দিতে গিয়ে লোহা কাটার রোটারি স যন্ত্রটিতে সমস্যা দেখা দেয়। সিলিন্ডারে গ্যাসের চাপ কম থাকায় প্রথমে আগুন জ্বালিয়ে দেখানো সম্ভব হয়নি। তবে পরে অন্য একটি গ্যাস সিলিন্ডার এনে সচেতনতামূলক প্রদর্শনী সম্পন্ন করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সচেতনতামূলক প্রদর্শনীর র্যালি শেষে তিনি দাপ্তরিক কাজে চলে আসেন। প্রদর্শনীতে এ ধরনের ঘটনা ঘটে থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরঞ্জামের নিয়মিত পরীক্ষা, রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। কারণ, বাস্তব অগ্নিকাণ্ড বা দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর মানুষের নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে।
✍️ মন্তব্য লিখুন