আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের কানপুরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে রোগী দেখার এবং প্রেসক্রিপশন লেখার অভিযোগ উঠেছে তাঁর গাড়িচালকের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চেয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি কানপুরের কানশিরাম কম্বাইন্ড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা রামকেশ একটি মামলায় সাক্ষ্য দিতে আদালতে গেলে তাঁর অনুপস্থিতিতে ওই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চিকিৎসকের গাড়িচালক দেব হাসপাতালের বহির্বিভাগে বসে একের পর এক রোগীর কথা শুনছেন। তিনি রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে প্রশ্ন করছেন এবং পরে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে নেওয়ার কথাও বলেছেন। ভিডিওটি বুধবার দুপুরের দিকে প্রকাশ্যে আসে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমএস) পীযূষ মিশ্র চিকিৎসক রামকেশের কাছে ব্যাখ্যা চেয়েছেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকের ব্যাখ্যা সন্তোষজনক না হলে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে কোনো বহিরাগত ব্যক্তি চিকিৎসকের পরিবর্তে রোগী দেখলে বা প্রেসক্রিপশন লিখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর করারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
চিকিৎসক রামকেশ হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি আদালতে সাক্ষ্য দিতে গিয়েছিলেন। ভিডিওতে প্রেসক্রিপশন লিখতে দেখা ব্যক্তিটি তাঁর গাড়িচালক বলেও তিনি স্বীকার করেছেন।
চিকিৎসকের অনুপস্থিতিতে প্রশিক্ষণবিহীন বা অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে রোগী দেখা ও ওষুধের পরামর্শ দেওয়ার ঘটনায় রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখন ঘটনার ব্যাখ্যা ও পরবর্তী পদক্ষেপের বিষয়টি পর্যালোচনা করছে।
✍️ মন্তব্য লিখুন