কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ আয়োজনের অভিযোগে তাঁর বাবাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিয়েটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে সাতক্ষীরার কলারোয়া উপজেলার উচ্চমাধ্যমিকে পড়ুয়া ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
পরে সেখানে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে মেয়ের বাবাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ছেলে ও মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা চলাকালে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
✍️ মন্তব্য লিখুন