চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১৫ জনকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় ব্যর্থ হয়েছে। সীমান্তে সতর্ক অবস্থান নিয়ে বিজিবি অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করলে শেষ পর্যন্ত বিএসএফ ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
বিজিবি সূত্র জানায়, গত ১৩ জুন ভোররাতে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২০ এমপি এলাকার কাছে বিএসএফ সদস্যরা নদীপথে নৌকাযোগে ১৫ জনকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে। তাদের মধ্যে পুরুষ, নারী ও শিশুও ছিল। বিষয়টি জানতে পেরে বিজিবি দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং বাংলাদেশে প্রবেশের পথ রোধ করে।
বিজিবির বাধার মুখে পুশইনের শিকার ব্যক্তিরা কিছু সময় সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করেন। পরে বিজিবির কঠোর অবস্থান ও আনুষ্ঠানিক প্রতিবাদের পর বিএসএফ তাদের ভারতীয় অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন বা অনিয়মিত পারাপার ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একাধিকবার পুশইনের অভিযোগ উঠেছে। এর আগে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়েও কয়েক ডজন মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল, যা বিজিবির বাধার মুখে ব্যর্থ হয়। এসব ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিক দফা যোগাযোগ ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ থাকলেও বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
✍️ মন্তব্য লিখুন