তাসলিমা আক্তার বিথী, খাগড়াছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’সহ রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকদের কয়েকটি গাড়ি সাজেকের উদ্দেশে রওনা হয়। গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকায় পৌঁছালে যানজটে পড়ে। এ সময় একটি গাড়িতে থাকা কয়েকজন পর্যটক ‘জয় বাংলা’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ছয় পর্যটককে আটক করে সাজেক থানায় নেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারদিন এহসান হৃদয় (২৪) ও ইয়াছিন (৩২), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালীর মো. সাইফুল ইসলাম (২৭)।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন বলেন, স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাঘাইহাট বাজার এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয়জনকে আটক করা হয়েছে।
রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং শনিবার সকালে আদালতে হাজির করার কথা রয়েছে।
✍️ মন্তব্য লিখুন