ইবি প্রতিনিধি
স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে নারীদের সচেতন করতে ঝিনাইদহে উঠান বৈঠক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’ (ক্যাপ)।
শুক্রবার দিনব্যাপী জেলার ত্রিবেণী বাজারসংলগ্ন এলাকায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে ১২ থেকে ১৮ বছর বয়সী তরুণীসহ বিভিন্ন বয়সের নারীরা অংশ নেন।
আয়োজকেরা জানান, উঠান বৈঠকে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ, প্রতিরোধ, সময়মতো পরীক্ষা এবং চিকিৎসার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা–বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে ক্যাপের সভাপতি জান্নাতুল মাওয়ার সভাপতিত্ব ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অদিতি ঢালী, কোষাধ্যক্ষ ফারিহা তাসনিম, কার্যকরী সদস্য মোহনা আফরিন মুন্নি ও লিজা আক্তারসহ অন্য সদস্যরা।
বৈঠকে নারীদের বিভিন্ন প্রশ্ন ও স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি ক্যান্সার নিয়ে প্রচলিত ভুল ধারণা ও সংকোচ দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ক্যাপের সভাপতি জান্নাতুল মাওয়া বলেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে নারীদের সঠিক তথ্য জানানো এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার বিষয়ে উৎসাহিত করাই তাঁদের কর্মসূচির অন্যতম লক্ষ্য।
সংগঠনটি ২০১৫ সালের ১৪ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।
✍️ মন্তব্য লিখুন