ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান একাডেমিক ভবনের ৩৪৪ নম্বর কক্ষে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কর্মশালাটি আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তোফাজ্জেল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে ছিলেন লেইকা মাইক্রোসিস্টেমসের ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন সাপোর্ট কর্মকর্তা ড. মনোজ মান্না।
প্রশিক্ষণে মাইক্রোস্কোপের বিভিন্ন ব্যবহার ও গবেষণায় উন্নত ইমেজিং প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। স্লাইড প্রদর্শনীর মাধ্যমে প্রযুক্তিটির বিভিন্ন কার্যক্রমও তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে থাকা আধুনিক মাইক্রোস্কোপ ও সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহার করে গবেষণার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কর্মশালার সভাপতি ড. জাহাঙ্গীর আলম বলেন, ইবির কেন্দ্রীয় ল্যাবরেটরিতে কনফোকাল লেজার স্ক্যানিং মাইক্রোস্কোপসহ বিভিন্ন উন্নত মাইক্রোস্কোপ রয়েছে। এসব যন্ত্র যথাযথভাবে কাজে লাগিয়ে গবেষণার পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। গবেষকদের পারস্পরিক সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে নতুন গবেষণার সুযোগ তৈরির আহ্বানও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন HEAT প্রকল্পের অধীন SP:13659, Window:3a উপ-প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ‘Discovery of Drug Against Cancer through the Regulation of Autophagy’ প্রকল্পের সঙ্গেও কর্মসূচিটির সংযোগ রয়েছে।
এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে উন্নত মাইক্রোস্কোপি প্রযুক্তি সম্পর্কে শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বাড়বে এবং জীববিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট গবেষণায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।
✍️ মন্তব্য লিখুন