কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যার বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে আজ রোববার এ কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার শেষ ও ফাঁসির রায় কার্যকর করা; কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার; কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন; এবং নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তায় তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন।
শিক্ষার্থীরা জানান, দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে তাঁরা পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো তাঁরা পেয়েছেন এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিখোঁজ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। প্রায় ২১–২২ ঘণ্টা পর শনিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
✍️ মন্তব্য লিখুন