পঞ্চগড় প্রতিনিধি
ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সময়ে করা চুক্তির নীতি অনুসরণ করে আলোচনা এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, নতুন চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।
শনিবার (৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো এলাকায় মহানন্দা নদীতে ‘নোঙর রিভার ক্যাম্প’-এর কার্যক্রম উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তা নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সময়ে করা চুক্তির আলোকে নতুন চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, এসব নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সরকার কাজ করছে। মিয়ানমারের সঙ্গেও বাংলাদেশের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে।
বাংলাদেশের যৌথ নদী কমিশনের তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ৩০ বছর এবং চুক্তিটি ২০২৬ সালে শেষ হওয়ার কথা। ওই চুক্তিতে ফারাক্কায় গঙ্গার পানির প্রবাহ অনুযায়ী দুই দেশের মধ্যে পানি বণ্টনের একটি নির্দিষ্ট সূত্র রয়েছে।
এর আগে গত আগস্টেও পানিসম্পদ প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির তুলনায় বাংলাদেশের জন্য বেশি পানির হিস্যা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি তখন বলেছিলেন, বর্তমান গঙ্গা পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশের প্রয়োজনীয় পানির হিস্যা নিশ্চিত করার ক্ষেত্রে ১৯৭৭ সালের চুক্তির মতো গ্যারান্টি ধারা নেই।
এদিকে নদী ও খাল উদ্ধারের বিষয়ে দলীয় পরিচয় বিবেচনা না করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় যাতে আবার দখল না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তেঁতুলিয়ায় আয়োজিত অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আকাশ, নোঙর বাংলাদেশের সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পরিবেশকর্মী ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
✍️ মন্তব্য লিখুন