নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় এক সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়ি আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় অবস্থান করছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খাঁনসহ মুকুল, রাজিব, রুবেল, ফারুক এবং ডালিয়া নামের আরও পাঁচজনকে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
একই রাতে হামলার প্রায় এক ঘণ্টা পর পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকায় আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতরা নগদ প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, একই ডাকাত দল দুটি ঘটনা ঘটিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা গ্রহণ করে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা রাতের নিরাপত্তা জোরদার এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
✍️ মন্তব্য লিখুন